ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেওয়ায় রাজশাহীতে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১১:৫৩ পিএম

ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ও আপত্তিকর পোস্ট দেওয়ার দায়ে রাজশাহী নগরীর কেশবপুর থেকে রাতুল রহমান (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি গোপন সংবাদে জানতে পারে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর ভেড়িপাড়া এলাকার ‘গ্রিনমার্ক আইটি’ নামের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর উসকানিমূলক পোস্ট এবং সরকারবিরোধী পোস্ট করা হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসির নেতৃত্বে র‌্যাবের একটি দল বুধবার সন্ধ্যা ৭টায় সেখানে অভিযান চালায়। সেখান থেকে রাতুল রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

রাতুল রাজপাড়া থানার বেতিয়াপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, দুটি মেমোরি কার্ড, ফেইসবুক পোস্টের ৬টি স্ক্রিনশট জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত