হরিয়ানায় সরকার গড়তে বিজেপি-কংগ্রেসকে ঘোরাচ্ছে জেজেপি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০৯:১৯ পিএম

হরিয়ানায় বিধানসভা সরকার গড়তে নরেন্দ্র মোদির বিজেপি এবং রাহুল গান্ধীর কংগ্রেসকে রীতিমতো ঘোরানো শুরু করেছেন জননায়ক জনতা পার্টির (জেজেপি) নেতা দুষ্মন্ত চৌটালা।

কংগ্রেস ও বিজেপির উপর শর্ত চাপিয়ে বলেছেন, রাজ্যে বেসরকারি চাকরিতে স্থানীয় যুবকদের জন্য ৭৫ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে, যে দল এই শর্ত পূরণ করবে, সে দলকেই সমর্থন করবে জেজেপি।

এদিন জেজেপি নেতা বলেন, ‘আমাদের দলের অনেক প্রার্থী রয়েছেন, যারা বিজেপি ও কংগ্রেসের মহারথীদের পরাজিত করেছেন। কারণ আমাদের ভোটারদের মধ্যে ৫৬ শতাংশই যুবক। আমরা চাই, হরিয়ানায় বেসরকারি চাকরিতে যুবকদের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণ করা হোক। যে দল আমাদের এই প্রতিশ্রুতি দেবে, আমরা তাদেরই সমর্থন করব।’

তবে বিজেপি বা কংগ্রেস কারও সঙ্গেই তার এখনও কথা হয়নি বলে দাবি করেছেন চৌটালা।

এবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৪০টিতে বিজেপি জিতেছে। কংগ্রেস ৩১টি। যেখানে জেজেপির হাতে রয়েছে ১০টি আসন। ফলে সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা পালন করছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত