বিয়ের অনুষ্ঠান দেখে মনে হয় বলিউডের সিনেমার দৃশ্য: মমিন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:২৩ পিএম

নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি চর্চায় সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গবেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল মমিন চৌধুরী। তিনি বলেন, বিশ্বব্যাপী যে  সাংস্কৃতিক বিশ্বায়ন চলছে, সেখানে নিজস্ব সংস্কৃতির শেকড় সন্ধান খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে জন ইতিহাস চর্চা কেন্দ্র আয়োজিত বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মমিন চৌধুরী বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান দেখে এখন মনে হয় বলিউডের সিনেমার দৃশ্য।’ তিনি প্রশ্ন তোলেন, এভাবে নিজেদের হারিয়ে ফেললে আমাদের ভবিষ্যৎ কি?

অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ ইতিহাস সমিতির প্রাক্তন সভাপতি ও ঢাকা বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ বলেন, আমাদের সমাজে অভিজাত ইতিহাস চর্চার যে কথা আলোচনা হয়েছে, তার সত্যতা আছে। আশার কথা হলো সে ধারা বদলাচ্ছে। এ সময়, জন ইতিহাস চর্চার ধারাকে স্বাগত জানান তিনি। 

সম্মেলনে এ এফ সালাহ্উদ্দীন আহমদ স্মারক বক্তৃতা-২১০৯ হিসেবে ‘সমাজ ও পরিবেশ’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন ভারতের সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক জয়া মিত্র। তিনি বলেন, প্রকৃতি না বাঁচিয়ে মানুষ বাঁচতে পারবে না। প্রকৃতি ধ্বংসের মধ্য দিয়ে আজকের দুনিয়া ধ্বংসের কাছাকাছি চলে এসেছে। পৃথিবীর আদি ধর্ম হলো, নদী ধর্ম। নদী, বন তথা প্রকৃতি না বাঁচিয়ে মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।

অনুষ্ঠানে মমতাজ উদ্দীন তরফদার স্মারক বক্তৃতা ২১০৯ হিসেবে ‘বাংলার গৃহ নির্মাণ প্রযুক্তি: ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক বক্তব্য প্রদান করেন, শিক্ষক, গবেষক ও জন ইতিহাস চর্চা কেন্দ্রের অন্যতম পরিচালক ড. শাহিনুর রশীদ।

কেন্দ্রের সভাপতি ড. মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পরিচালক তপন মাহমুদ লিমন। পরে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. সানিয়া সিতারা।

অনুষ্ঠানে ইতিহাসের শিক্ষক অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, আশা নাইম ইসলাম, আবদুল বাতেন চৌধুরী, মিল্টন কুমার দেব, হাবিবুল্লাহ মিলনসহ অন্যান্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, জন ইতিহাস চর্চা কেন্দ্রের সাংগঠনিক ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত