প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে ভাড়াটে খুনী দিয়ে হত্যা করায় স্বামী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৯:১৪ পিএম

প্রতিপক্ষকে ঘায়েল করতে মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামীর ভাড়া করা খুনিরা। আদালতে স্বামী আবদুর রহমান এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী চার ভাড়াটে খুনির একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন উপজেলার বলধরা ইউনিয়নের খৈয়ামুড়ি গ্রামের আবদুর রহমানের স্ত্রী হাসিনা বেগম (৫০)। গত শনিবার সকালে তার গলাকাটা লাশ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

ওইদিনই নিহত হাসিনা বেগমের ছোট ভাই মেছের আলী সিংগাইর থানায় মামলা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওইদিনই স্বামী আবদুর রহমানকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।

রবিবার দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম সারোয়ারের আদালতে হাজির করলে আবদুর রহমান জানায়, খুন করে মামলায় প্রতিপক্ষকে ফাঁসিয়ে বিরোধপূর্ণ ৩০ শতাংশ জমি আয়ত্ত করার উদ্দেশ্যে সে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে তার এলাকার আলমগীর হোসেনের মাধ্যমে আরও তিনজনকে এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত করে। ৫ শতাংশ জমি লিখে দেওয়ার শর্তে চারজন এ হত্যাকাণ্ডে রাজি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত