২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে আগামী বছর মোট ছুটি ২২ দিন। এই ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, আগামী বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি হবে ৮ দিন। এর বাইরে বিভিন্ন ধর্মের চাকরিজীবীদের জন্য আলাদাভাবে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্যও ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভা বৈঠকে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৯’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
