আজারবাইজান সফরে প্রধানমন্ত্রীর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তার সফরে বাংলাদেশের কোনো অর্জন নেই। প্রধানমন্ত্রী শুধু সাইড লাইনে কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেছেন।’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী আজারবাইজান সফর করেছেন। সেখানে ন্যাম সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে যোগ দিলেও তার সফরে বাংলাদেশ কিছু অর্জন করতে পারেনি। দীর্ঘ দুই বছর ধরে একজন রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠাতে পারেননি। আসাম থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথা বলছেন ভারত সরকারের মন্ত্রীরা। কিন্তু এসব নিয়ে আমাদের সরকার জোরদার কোনো ভূমিকা রাখতে পারেনি।’
সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা একটি মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং তার পছন্দমতো সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সবার আগে তার যে আইনগত প্রাপ্য সেই জামিনের জন্য আপনারা বাধা দেবেন না। এটা তার সাংবিধানিক অধিকার।
তিনি বলেন, ‘গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্ত„পক্ষ সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছে তা সঠিক নয়। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করেছে। ভবিষ্যতে তাদের এই মিথ্যাচারের জন্য জবাবদিহি করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছোটখাটো বিভেদ ভুলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে এই যে দানব সরকার তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। সোজা আঙুলে ঘি উঠবে না। রাস্তায় নেমে আন্দোলন করে দানব সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে হবে।’
সংগঠনে কে কার লোক তা বিবেচনা না করে যে যোগ্য তাকে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
