ভারতের দেওয়া দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাবে রাজি হয়েছে বাংলাদেশ। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া দুই দলের টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির। ভারত ও বাংলাদেশ দুই দলের জন্যই এটি হবে প্রথম দিবা-রাত্রির বা গোলাপি বলের টেস্ট।
বিসিসিআইয়ের সভাপতি নিযুক্ত হওয়ার পরই সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি ছেড়ে দিয়েছিল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ওপর। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায় ভারতের প্রস্তাবে রাজি তারা।
দেশের ক্রিকেট আসলে এদিন সাকিব আল হাসানকে নিয়েই ব্যস্ত ছিল। এর মধ্যেই ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন। সেখানেই জানানো হয় দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয়ে।
ইডেন টেস্টটি হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট ইনদোরে ১৪ নভেম্বর। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
