সাকিবের দুই বছরের শাস্তি যথেষ্ট নয়: মাইকেল ভন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১২:৪৫ পিএম

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় দুই বছরের নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানের শাস্তিটা কম হয়ে গেছে বলে মনে করেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, এই শাস্তিটা আরও বড় হওয়া উচিত ছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে সাকিবকে দুই বছরের শাস্তি দেয় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বিবৃতিতে তারা জানায়, ২০১৮ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে তিন বার সাকিবের কাছে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আসে। কোনোবারই এ বিষয়ে আইসিসিকে কিছু জানাননি এই অলরাউন্ডার।

নিয়ম অনুযায়ী, ম্যাচ পাতানোর প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয়। তা না হলে অপরাধের মাত্রা অনুযায়ী পড়তে হয় ৬ মাস থেকে ৫ বছরের নিষেধাজ্ঞায়। আইসিসি’র নিয়মের বরখেলাপ করায় দুই বছরের নিষেধাজ্ঞায় পড়তে হলো বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিবকে। এর মধ্যে এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে।

এই নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না সাকিব। বাংলাদেশের তারকা এই ক্রিকেটারের এমন শাস্তিতে মোটেও বিচলিত হচ্ছেন না ভন। বরং শাস্তিটা আরও কড়া হওয়া দরকার বলে মনে করেন তিনি।

টুইটারে ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ভন লিখেছেন- “সাকিব আল হাসানের জন্য একটুও সমবেদনা নেই…কোনো সমবেদনা নেই। বর্তমান যুগে খেলোয়াড়রা কী করতে পারবে, কী করতে পারবে না এসব ব্যাপারে সবসময় বলা হয়। কোন কোন বিষয় সরাসরি জানাতে হবে সেসবও বলা হয়…দুই বছর পর্যাপ্ত না…আরও বড় শাস্তি হওয়া উচিত ছিল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত