৯ দফা দাবিতে ঘোড়াশালে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০২:৪৯ পিএম

প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন- ২০১৫ বাস্তবায়ন এবং শ্রমিকদের বকেয়া মজুরি ও কর্মচারীদের বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বুধবার সকালে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ বাংলাদেশ জুট মিল শাখার উদ্যোগে মিলের শ্রমিকরা মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন।

এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) পদত্যাগ দাবি করা হয়।

বাংলাদেশ জুটমিলের সিবিএ সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিবিএ নেতা হারুন অর রশিদ, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা সাহেব আলী, আবুল খায়ের প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে জাতীয় মজুরি ২০১০ অনুযায়ী শ্রমিকরা যে মজুরি পাচ্ছে তা দিয়ে জীবিকা নির্বাহ করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। ছেলেমেয়েদের লেখাপড়া ও চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।

বর্তমানে মিলে চলতি সপ্তাহসহ ৯ সপ্তাহের শ্রমিকদের মজুরি বকেয়া ও কর্মচারীদের ৩ মাসের বেতন বকেয়া পড়ে রয়েছে।

অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) পদত্যাগ দাবি করেন। নতুবা কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত