টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করেছে।
চেয়ারম্যান চান মাহমুদ জানান, বুধবার রাতে তিনি বল্লা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বল্লা বাজারের দক্ষিণ পাশে আসলে পেছন থেকে দুটি মোটরসাইকেলযোগে চার জন মুখোশধারী ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে 8 জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় স্থানীয়রা ৮ জনকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। স্থানীয়রা দুটি মোটরসাইকেলযোগে কয়েকজনকে পালিয়ে যেতে দেখে।
ওসি জানান, এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে।
