হাতিয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের অপেক্ষায় ২ বছর

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৯:২৬ পিএম

হাতিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে পুরনো হাতিয়া আদালত ভবনের বিপরীত দিকে রয়েছে পশ্চিমমুখী একটি নবনির্মিত সুরম্য ভবন। ভবনটির গেট প্রায় সারা বছরই থাকছে তালাবদ্ধ। জরুরি প্রয়োজনে কালে-ভদ্রে  ভবনটির গেট খোলা হলেও দাপ্তরিক কাজ শেষে আবার গেটে তালা লাগানো হয়। ভবনের নির্মাণ কাজ শেষ হয় ২০১৭ খ্রিস্টাব্দে। এ ভবনটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। খোঁজ নিয়ে জানা গেছে উদ্বোধন না হওয়ায় ভবনটির গেটে এভাবে তালা ঝুলছে প্রায় দুবছর ।

 আরও জানা যায় দীর্ঘদিন ধরে হাতিয়া উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন হাতিয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওয়ালী উল্লাহ এবং জেলা আ.লীগের উপদেষ্টা মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকায় ভবনটি কে উদ্বোধন করবেন এ নিয়ে বিতর্ক  চলছিল।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে আলাপকালে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় ভূষন দাস (বাবুলাল) দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি স্থানীয় আ.লীগের দুগ্রুপের মধ্যে বিরোধের কারণে এতদিন তালাবদ্ধ ছিল। এখন কোনো বিরোধ নেই, সবাই মিলেমিশে কাজ করছেন। আশা করছি শিগগিরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক ভবনটি উদ্বোধন করবেন। এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত