ট্রাম্পের অভিশংসনের তদন্ত শুরু করতে রেজুলেশন পাস

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১০:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন করতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার জন্য একটি রেজুলেশন পাস করেছে দেশটির প্রতিনিধি পরিষদ কক্ষ।

রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে বিদেশি সাহায্য চেয়েছেন উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।

এমন অভিযোগে গত মাসের শেষের দিকে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে বিরোধী ডেমোক্র্যাটরা

বিবিসি জানায়, এবার আনুষ্ঠানিক তদন্তের জন্য রেজুলেশন পাস করল মার্কিন প্রতিনিধি পরিষদ। তবে এই রেজুলেশনের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার রেজুলেশনের বিরুদ্ধে সব রিপাবলিকান প্রতিনিধিদের সঙ্গে দুই ডেমোক্র্যাট প্রতিনিধিও ভোট দেন। এরপরেও ২৩২-১৯৬ ভোটে রেজুলেশনটি পাস হয়।

ট্রাম্পের আইনজীবীদের অধিকারও এই রেজুলেশনে ঠিক করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বিতর্কিত ফোনালাপ নিয়ে ট্রাম্পের অভিশংসনের মুখে পড়ার এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে ট্রাম্প বিদেশি সাহায্য চেয়েছেন এবং এ ক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে তিনি দর-কষাকষির হাতিয়ার করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের কয়েক দিন আগে ৪০০ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা আটকে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প। তবে বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।

জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৬ সালে ইউক্রেনের প্রসিকিউটর ভিক্টর শোকিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল।

শোকিনের অফিস বুরিস্মা নামের একটি গ্যাস কোম্পানির অনিয়ম তদন্ত শুরু করেছিলেন, যে কোম্পানির বোর্ড সদস্য ছিলেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত