ভারত সফরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লিতে। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কিন্তু এই ম্যাচের আগে দিল্লির বায়ু দূষণ নিয়ে আলোচনা-সমালোচনা চরমে।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের অনুশীলনে লিটন দাসকে দেখা গেছে মাস্ক পড়ে অনুশীলনে। শঙ্কাটা তাই আরো বেড়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ভারত অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মা বলছেন, দিল্লির বায়ু দূষণে রবিবারের ম্যাচে কোনো অসুবিধা হবে না।
দিল্লির পরিবেশবিদরা ম্যাচটা অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে চিঠি পর্যন্ত দিয়েছিল। কিন্তু সৌরভ বলে দিয়েছেন, ম্যাচটা দিল্লিতেই হবে।
বৃহস্পতিবার রোহিত সংবাদমাধ্যমে বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে দূষণের কারণে ম্যাচে অসুবিধে হওয়ার কথা নয়। দিল্লিতে নামার পর শারীরিকভাবে অসুস্থবোধ করিনি।’
দুই বছর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে মুখে মাস্ক পরে খেলেছিল শ্রীলঙ্কা। সেই ছবি ছড়িয়ে পড়তে দিল্লি দূষণ নিয়ে তুমুল সমালোচনা হয়। সেই ম্যাচে দুজন লঙ্কান খেলোয়াড় অসুস্থও হয়ে পড়েন ম্যাচ চলাকালে।
কিন্তু রোহিত সেই ম্যাচের প্রসঙ্গ টেনে বলছেন, ‘অতীতে দিল্লির দূষণে আমরা টেস্ট ম্যাচও খেলেছি। যা নিয়ে সেসময় আমাদের কোনো অভিযোগ ছিল না। এবারো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দূষণ নিয়ে দলের কোনো অভিযোগ নেই।’
