সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানে জঙ্গি সংগঠন আইএস নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
পাশাপাশি সংগঠনটি নিজেদের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। আইএসের নতুন এই প্রধানের নাম আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি। বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
১৯৭১ সালে উত্তর বাগদাদের সামারার কাছে এক এলাকায় জন্মগ্রহণ করেন বাগদাদি। বলা হয়ে থাকে, ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের সময় শহরের একটি মসজিদের ইমাম ছিলেন তিনি। তবে অনেকের মতে, সাবেক ইরাকি নেতা সাদ্দাম হুসেইনের সময়েই তিনি জঙ্গিবাদের আদর্শ গ্রহণ করেন।
মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস)-এর নেতা হিসেবে আবিভূর্ত হন তিনি। আইএসের কার্যক্রম পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসী হিসেবে নাম লেখান।
২০১১ সালের অক্টোবরে বাগদাদির বিষয়ে তথ্য দানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন।
সর্বশেষ ২০১৪ সালে আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে প্রকাশ্য দেখা যায়। ইরাকের মসুলের গ্র্যান্ড আল নুরি মসজিদে বক্তৃতায় তিনি নিজেকে আইএস খেলাফতের নেতা দাবি করেন। এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।
