ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা বলেছেন, নিরামিষ বাদ দিয়ে শিশুদের ডিম আর মাংস খেতে দিলে তারা ভবিষ্যতে রাক্ষসে পরিণত হবে।
ভারতের ক্ষমতাসীন বিজেপির মধ্যপ্রদেশের ওই নেতার নাম গোপাল ভারগাভা। তিনি মধ্যপ্রদেশ সরকারের গ্রামীণ শিশুদের সহায়তায় খাদ্য কর্মসূচিতে ডিম ও মাংস যোগ করার সিদ্ধান্তে এমন মন্তব্য করেন।
খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
বিজেপি ওই রাজ্যে বিরোধী দলের ভূমিকায় আছে। সেখানে বিধান সভার সদস্য ভারগাভা। তিনি মনে করেন, ডিম ও মাংস খাওয়ার ভারতীয় সংস্কৃতির বিরোধী।
ভারতীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘এই অপুষ্ট সরকারের কাছ থেকে আপনারা আর কী আশা করতে পারেন? তারা এখন শিশুদের ডিম খেতে দিচ্ছে, তাদের মুরগি, খাসির মাংস খেতে বাধ্য করছে। ভারতীয় সংস্কৃতিতে আমিষ খাওয়া নিষেধ। যদি তারা (শিশুরা) ডিম আর মাংস থেকে থাকে, তাহলে পরবর্তীতে তারা রাক্ষসে পরিণত হবে’।
ভারতের কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রামীণ সহায়তা কর্মসূচিতে শিশুদের খাবারে ডিম যুক্ত করার সিদ্ধান্ত হয়। এ মন্ত্রণালয়ের মন্ত্রী ইমারতি দেবী। তার এ সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় বিজেপি।
তারা বুধবার এক বিবৃতিতে জানায়, এ ধরনের সিদ্ধান্ত ধর্মীয় বিশ্বাসের বিরোধী।
এর আগে ২০১৫ সালেও বিজেপি সরকার এ সিদ্ধান্ত নেয়। তখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তা নাকচ করে দেন।
