পটুয়াখালী গলাচিপায় পরকীয়া সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই দিন আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় রাজিব (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
নির্যাতিতা ওই গৃহবধূ শুক্রবার সকালে গলাচিপা থানায় ধর্ষণের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত রাজিবকে আটক করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আটক রাজিব উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূকে সোমবার রাজিব বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। স্ত্রী বাপের বাড়ি থাকার সুযোগে ওই গৃহবধূকে দুই দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাজিবের বাড়ি থেকে ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সেখানে অসুস্থ হয়ে পড়লে ওই গৃহবধূকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার (গৃহবধূর) শারীরিক অবস্থার অবনতি হলে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে শুক্রবার সকালে গৃহবধূ বাদী হয়ে গলাচিপা থানায় রাজিবকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ধর্ষণের শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের প্রধান আসামি রাজিবকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
