সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।
ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। গত ২৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে পরীক্ষাসংক্রান্ত এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবের ফাঁদে না পড়তে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। যাদের হাত নেই তাদের জন্য দেওয়া হবে শ্রুতি লেখক।
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ বেশি। অষ্টম শ্রেণির সব শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিতে পারছে। এ জন্য নির্বাচনী বা প্রাক-নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি। পাশাপাশি বৃত্তি পরীক্ষাও দিতে হবে না।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক-ছাত্র, কর্মচারীদের মোবাইল, মোবাইল সুবিধাসহ ঘড়ি, কলম, ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেউ প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা চলাকালে শনিবার সকাল ৯টায় কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
