স্বামীর বন্ধুদের বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০৮:৫০ এএম

চুয়াডাঙ্গায় স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার যদুপুরে। বর্তমানে ওই গৃহবধূ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত ওয়াশিম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওয়াশিম আলী একই গ্রামের মৃত জাফর মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (৩০ অক্টোবর) রাতে গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে বাড়ীর বাইরে অবস্থান করছিলেন।

এ সুযোগে স্বামীর দুই বন্ধু একই গ্রামের মিলন ও ওয়াশিম দুই সন্তানের জননী ওই গৃহবধূর বাড়ী থেকে তুলে নিয়ে যায়।

পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করেন মিলন ও ওয়াশিম। তিনি অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে গৃহবধূকে উদ্ধার করে।

গৃহবধূর স্বামীর অভিযোগ, মিলন ও ওয়াশিমের সঙ্গে তার ভালো সখ্যতা ছিলো। সে সূত্রে অভিযুক্তরা পরিকল্পনা করে তাকে কৃষিপণ্য বিক্রির জন্য যশোরে যেতে বাধ্য করেন। রাতে ফিরে আসতে না পারায় সে সুযোগে অভিযুক্তরা তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর জানান, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে একটি ধর্ষণ মামলা করেন। রাতেই এজাহারনামীয় আসামি ওয়াশিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিকেও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত