পঞ্চগড়ের বোদা উপজেলায় নদী থেকে বালু উত্তোলনের সময় গোপাল ও লক্ষ্মীর দুইটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। পিতলের তৈরি দুটি মূর্তিরই উচ্চতা ৬ ইঞ্চি এবং ওজন প্রায় ৭শ’ গ্রাম।
শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় স্থানীয় সহিদ পাঠান (৭০) নামে এক ব্যক্তি মূর্তি দুইটি পান। খবর পেয়ে বোদা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিগুলো থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার আগে ওই এলাকার করতোয়ায় বালু উত্তোলন করতে যান সহিদ পাঠান। এ পর্যায়ে তিনি বালুর মধ্যে শক্ত কোন কিছুর অস্তিত্ব অনুভব করেন। পরে স্থানটিতে গর্ত খুঁড়ে দুটি মূর্তি দেখতে পেয়ে তা তুলে আনেন। পরে পুলিশকে খবর দিলে বোদা থানার এসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে মূর্তি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বোদা থানা-পুলিশের ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে মূর্তিগুলো পুরাকীর্তি অধিদপ্তরের কাছে পাঠানো হবে।।
