শুধু সাধারণ মানুষই নন, বলিউডের অন্দর মহলেও রয়েছে শাহরুখ খানের ভক্ত। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে দিল্লির একজন সাধারণ অভিনেতা কীভাবে বলিউডের সুপারস্টার হয়ে ওঠে তা অনেকের কাছেই অনুপ্রেরণা।
নিউটন, স্ত্রী, ট্র্যাপড, বরেলি কি বরফি, জাজমেন্টাল হ্যায় ক্যায়া-খ্যাত রাজকুমার রাও তেমনই একজন। আক্ষরিক অর্থেই শাহরুখের ভীষণ ভক্ত এই মেধাবী অভিনেতা।
একাধিক সাক্ষাৎকারে তিনি জানান, শাহরুখকে এক ঝলক দেখতেই তার বাংলো মান্নাতের বাইরে প্রায় ৬-৭ ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন। যদিও তখন স্ট্রাগলিং অভিনেতা হিসেবে মুম্বাইতে থাকতেন রাজকুমার।
একবার শাহরুখের স্ত্রী গৌরীর সঙ্গে দেখা হলেও, বাদশার সঙ্গে আর কিছুতেই দেখা হচ্ছিল না তার। শেষ পর্যন্ত মেহবুব স্টুডিওতে শুটিং চলাকালে শাহরুখের সঙ্গে দেখা হয় রাজকুমারের।
একই লোকেশনে শাহরুখ শুটিং করছেন জেনে নিজেকে আর আটকে রাখতে পারেননি। ছুটে কিং খানের মেক-আপ ভ্যানে চলে গিয়েছিলেন রাজকুমার। আর সেখানেই প্রথম সামনাসামনি দেখা।
সম্প্রতি মুক্তি পেয়েছে মৌনি রায়ের বিপরীতে রাজকুমার অভিনীত ‘মেড ইন চায়না’। হাতে আছে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘রুহি আফজা’ ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নেটফ্লিক্সের ‘হোয়াইট টাইগার’।
