জামিন নিতে গিয়ে যুবদল সভাপতির মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১০:৫০ পিএম

মানিকগঞ্জ জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, সাত বছরের মেয়ে, তিন ভাই ও তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কাজী রায়হান উদ্দি টুকু জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সভাপতি ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, কাজী রায়হান উদ্দিন টুকুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পেতে রবিবার সকালে তিনিসহ অনেকেই হাইকোর্টে যান। সেখানে দীর্ঘ কয়েক ঘণ্টা অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত