দুই পক্ষের কোন্দলের জেরে ভেঙে দেওয়া হয়েছে জয়পুরহাট রেলস্টেশনের ‘প্রতিবন্ধীদের’ বাজার। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে বাজারটি ভেঙে দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ী হাফিজ, রওশন, ইউসুফ, তুফানসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিদিন দোকানপ্রতি ২৫ টাকা করে মাসে প্রায় ৪৫ হাজার টাকা চাঁদা তোলা হয়। আর এ টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে চলে যায় স্টেশন মাস্টার, জিআরপি পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের পকেটে। এ বাজারটি দুর্নীতির আখড়ায় পরিণত হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, জয়পুরহাট রেলস্টেশনের পুবে ওভারব্রিজের উত্তর পাশে ২০১২ সালে ৫০-৬০টি দোকান নিয়ে স্থানীয় প্রতিবন্ধীদের ‘অর্থনৈতিক কল্যাণে’ গড়ে উঠেছিল ‘প্রতিবন্ধী বউ বাজার’। এখানে মাছ, শাকসবজি, পান-সুপারি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের জমজমাট বেচাকেনা চলছিল। কিন্তু এ বাজারে প্রতিবন্ধীরা ব্যবসা করার কথা থাকলেও শুধু ইয়াসিন নামে এক প্রতিবন্ধীকে সঙ্গে নিয়ে ব্যবসা করছেন প্রভাবশালী ব্যবসায়ীরা। ইয়াসিন ছাড়া এখানে আর কেউ প্রতিবন্ধী নেই।
বাজার কমিটির চেয়ারম্যান প্রতিবন্ধী ইয়াসিন আলী বলেন, স্টেশন মাস্টার, জিআরপি স্থানীয় ক্লাব ও ছেলেদের কিছু কিছু করে টাকা দিয়ে এসব ম্যানেজ করে বাজার চালানো হয়। বাকি টাকা প্রতিবন্ধীদের নিয়মিত সাহায্য-সহযোগিতা করা হয়।
লাল-সবুজ প্রতিবন্ধী কল্যাণ সমিতি জয়পুরহাটের সভাপতি জাকারিয়া মণ্ডল শিমুল বলেন, প্রতিবন্ধী বউ বাজার এলাকায় আমার বাড়ি। এ বাজার থেকে প্রতিবন্ধীদের কল্যাণের নামে ওঠানো টাকা ইয়াসিন নামে এক প্রতিবন্ধী ব্যক্তি এলাকার কিছু প্রভাবশালী লোকজন নিয়ে ভাগবাটোয়ারা করে নেয়। আমরা প্রকৃত প্রতিবন্ধীরা আজ বঞ্চিত। প্রতিবন্ধী নিয়াজ ইকবাল সুজন বলেন, আজকে আমাদের নামে এ বাজারের টাকা তুলে লুটপাট করে খাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এর তীব্র নিন্দা জানাচ্ছি।
