আওয়ামী লীগ নেতাদের মানব মেরুদণ্ড নাই: রিজভী

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০২:৪৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতাদের মানব মেরুদণ্ড নাই। কারণ তারা লোপাটকারী, দুর্নীতিবাজ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।

‘বিএনপি নেতাদের মেরুদণ্ড নেই’- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে তিনি একথা বলেন।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের মেরুদণ্ড নিউজ প্রিন্টের। যেমন সাদা কাগজের চেয়ে নিউজপ্রিন্ট ধরলেই ছিঁড়ে যায়।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, আজকে দেশের অবস্থা বিপন্ন। দেশকে ভয়ংকর অন্ধকারময় গুহার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ আজকে তাদের মুখে দেশপ্রেমের কথা শুনতে হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হলেও তাকে নিয়ে সরকার মিথ্যা বক্তব্য দিচ্ছে। তার বিরুদ্ধে যে দুই কোটি টাকার অভিযোগ দেওয়া হয়েছে, সেই টাকা ব্যাংকে রয়েছে। কিন্তু শেখ হাসিনা তাকে বাইরে রাখবেন না। এজন্য তাকে নির্বাচনের আগে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘এই আমলে ৯ লাখ কোটি টাকা বিদেশে গেছে তার জবাব তো দেননি কেউ। আজকে অর্থনীতিবিদ ও সিপিডি থেকে শুরু করে সবাই বলছে ব্যাংকে টাকা নেই। অথচ সরকার উন্নয়নের জোয়ারের কথা বলে।’

তিনি বলেন, আজকে যারাই ক্যাসিনো বা অন্যান্য দুর্নীতিতে ধরা পড়ে, তারা নাকি আগে বিএনপি করতো। সুতরাং বিএনপি থেকে লোক গিয়ে আওয়ামী লীগ ভরে গেছে। এখন আওয়ামী লীগ আর কেউ করতে চায় না যা তাদের বক্তব্যেই প্রমাণিত হয়।

রিজভী বলেন, তারা তারেক রহমান ও বেগম জিয়াকে নিয়ে আতঙ্কে আছে। তারেক রহমান ছয় হাজার মাইল দূরে থাকলেও তাদেরকে নিয়ে নাকি ষড়যন্ত্র করছে। জনবিচ্ছিন্ন সরকার দুঃস্বপ্ন দেখে- এই বোধহয় তারেক রহমান চলে এলো, খালেদা জিয়া মুক্তি পেলো।

সাদেক হোসেন খোকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মাঝে খণ্ডকালীন শিক্ষক, অ্যাডভোকেট আছেন; কিন্তু পূর্ণাঙ্গ রাজনীতিবিদের অভাব। আর সাদেক হোসেন খোকা হলেন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ, যারা দেশের বিপদে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অন্ধকারের মধ্যেও ঝাঁপিয়ে পড়তে পারে।’

এসএম জিলানীর সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ নবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত