ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় পোশাক শ্রমিককে চাকরির প্রলোভন দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে গত মঙ্গলবার রাতে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, মিজানুর রহমান (৩০) ও দেলোয়ার হোসেন (৩০)।
মামলা সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর থানার ধারাবাড়িসাহা নয়াবাজারের ওই নারী পোশাক শ্রমিক স্বামীর সঙ্গে আশুলিয়া বড় রাঙ্গামাটি এলাকায় ভাড়া থাকতেন। পাঁচ মাস বেকার থাকায় বিভিন্ন কারখানায় চাকরি খুঁজছিলেন তিনি।
এ সুযোগে মঙ্গলবার দুপুরে চাকরির কথা বলে সোহেল (৩০) নামে এক ব্যক্তি তাকে পার্শ্ববর্তী মাইন উদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ির মালিকের ছেলে মিজান ছাড়াও দেলোয়ার ও আব্দুর রাজ্জাকসহ ছয়জন তাকে ধর্ষণ করে। ঘটনা অন্য কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি স্বামীকে জানানোর পর রাতেই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে। বুধবার দুপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানোর কথা জানান মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।
তিনি আরও জানান, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
