ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১০:৫৫ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পানি উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম এবং সরকারি কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বে-সরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন পেশার কর্মকর্তারা উপস্থিত থেকে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতির বিষয় সভায় ধারণা প্রদান করেন। 

সভায় সভাপতি জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলায় দুর্যোগাক্রান্তদের আশ্রয় নেওয়ার জন্য ৪০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তী জরুরি সহায়তার জন্য ১২ লাখ ৭৫ হাজার টাকা, ৩০০ মেট্রিকটন চাল, ৩৫০ বান্ডেল ঢেউটিন, ৩৫০০ পিস কম্বল বরাদ্দ করা হয়েছে।

এছাড়া দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ সহায়তার জন্য সকল সিপিপি সদস্য এবং অন্যান স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে পায়রা বন্দরসহ সকল সমুদ্র বন্দরে সাত নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করায় জরুরি কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।

সভায় কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা অবহিত করেন, শুক্রবার সকালে তীরে ফেরার পথে এফবি মা কুলসুম ট্রলারের জেলে মো. বেল্লাল হোসেন (৪০) নিখোঁজ রয়েছেন। সভায় নিঁখোজ ট্রলারটি শনাক্ত ও সম্ভব হলে উদ্ধার করণের জন্য নৌবাহিনীর সহায়তার গ্রহণের সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত