শাহরুখের মুখে রবীন্দ্রনাথের ‘ও আমার দেশের মাটি…’

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০৭:৫৫ পিএম

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারকা মেলা। শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৫তম এই উৎসবের।

শাহরুখ খান, মহেশ ভাট, রাখি গুলজার থেকে শুরু করে টলিউডের নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, পাওলি দাম, দেব, অঙ্কুশ, সোহম-কে হাজির ছিলেন না এদিন!

রাজ চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠানে মঞ্চ আলো করে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যিশু সেনগুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায়।

জি নিউজ জানায়, এদিন রাখি গুলজারের বক্তব্যের সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ খান। মূলত হাঁটতে সমস্যা হওয়ায় এই প্রবীণ অভিনেত্রীকে হাত ধরে মাইক্রোফোনের সামনে নিয়ে আসেন বলিউড বাদশাহ। 

মুখ্যমন্ত্রী ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বাংলাতেই রাখি বলেন, ‘আমি এই বাংলার মেয়ে। আমার ধমনিতে বাংলা।’ এ সময় স্টেডিয়াম জুড়ে মানুষের করতালি ও উচ্ছ্বাস প্রকাশ পায়।

বাজিগর সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার। সেই ছবির মধ্যে দিয়ে শাহরুখে ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল।

সে কথা স্মরণ করিয়ে দিয়ে এদিন রাখী বলেন, ‘একটা কথা এই যে বাজিগর তিনি বাংলাকে খুব ভালোবাসেন। প্রতিবছর ইনি কিন্তু আসছেন। একটা জিনিস উনাকে শেখাতে চাই বাংলায়।’

image

এরপর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ শোনালেন রাখি। তার সঙ্গে সঙ্গে মাইক্রোফোনের সামনে উচ্চারণ করলেন শাহরুখ খানও। তার মুখে রবীন্দ্রনাথের এই কবিতা ও বাংলা শুনে দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়।

তবে শেষে হেসে শাহরুখ বললেন, ‘আমি কিছুই বুঝতে পারিনি।’ তখনো স্টেডিয়ামজুড়ে হাততালির ঝড় বয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত