প্রবাসী নারী শ্রমিকদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১১:৫৯ পিএম

সৌদি আরবে প্রবাসী নারী শ্রমিকদের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন বন্ধের দাবি এবং প্রবাসী সব শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এর আগে জেলা শহরের ১ নম্বর রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, অভাবের তাড়নায় বাংলাদেশ থেকে নারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে গৃহশ্রমিকের কাজ করছেন। তারা দেশে ফিরে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের বর্ণনা দিচ্ছেন; যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এমনকি নির্যাতন সহ্য করতে না পেরে অনেকে মারাও গেছেন। তাই যারা দেশে ফিরে আসতে চাচ্ছেন, তাদের যেন নিরাপদে ফিরিয়ে আনা হয়।

সরকারের হস্তক্ষেপ কামনা ছাড়াও সব ধরনের নির্যাতনের প্রতিবাদ ও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন, সংগীতশিল্পী আফরোজা লুপু, নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নারী নেত্রী পারুল আকতার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত