বাস-ট্রাকের ধাক্কায় কুমিল্লায় উল্টে যাওয়া একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন আরোহী পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন।
চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশু।
এর মধ্যে শিশু রবজার (৭) পরিচয় পাওয়া গেছে। সে কুমিল্লার অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি গোবিন্দপুর স্টেশন এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
সঙ্গে সঙ্গে অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি মহাসড়কের ওপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় তিন যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, হতাহতরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। মাইক্রোবাসটিতে মোট আটজন আরোহী ছিলেন।
আহত লোকজনের মধ্যে চারজনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
