ঘাটতি থাকলেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারত।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মালদ্বীপে আগে যে পরিমাণ পেঁয়াজ রপ্তানি করা হতো, এখনো সেই পরিমাণ পেঁয়াজ রপ্তানি করা হবে দেশটিতে। এতে কোনো ধরনের হেরফের হবে না।
দ্বীপরাষ্ট্রটিতে ভারতের দূতাবাস এক টুইটার বার্তায় জানায়, ‘আমাদের মালদ্বীপের বন্ধুদের নিশ্চিত করা হচ্ছে যে, ঘাটতি পূরণের জন্য ভারত ১ লাখ টন পেঁয়াজ আমদানি করলেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত থাকবে।’
ঘাটতি মোকাবিলায় আফগানিস্তান, ইরান, তুরস্ক, মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত। শনিবার দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান নিশ্চিত করেন, ঘাটতি পূরণে এক লাখ পেঁয়াজ আমদানি করা হচ্ছে।
প্রসঙ্গত ঘাটতির কারণে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। কয়েকগুণ দাম বেড়ে গিয়ে বাংলাদেশের বাজারে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা।
সম্প্রতি ভারত সফরে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করা নিয়ে অনেকটা কৌতুকের ছলে বলেন, ‘আমাদের একটা সমস্যা হয়েছে, আপনারা পেঁয়াজ পাঠাচ্ছেন না। তাই আমি পেঁয়াজ খাওয়াই ছেড়ে দিয়েছি। হঠাৎ করে আপনারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন। আগে নোটিশ দিলে আমরা অন্য দেশ থেকে ব্যবস্থা করতে পারতাম। ভবিষ্যতে এমন কিছু করলে আগে জানালে ভালো হয়।’
