দিনাজপুরে সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১১:৪৪ এএম

সরকারি রাস্তার গাছ কেটে সেই টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপপরিচালক, স্থানীয় সরকার দিনাজপুর কর্তৃক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

তবে অভিযোগের বিষয়ে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আমার কাছে এখনো এ রকম কোন প্রজ্ঞাপন আসেনি। আর আমি সরকারি নিয়মানুযায়ী গাছ কেটে সরকারি কোষাগারে টাকা জমা করেছি।’

উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) দেশ রূপান্তর অনলাইন ভার্সনে ‘আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত