কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ২৪ ও ২৫ নভেম্বর সাক্ষাৎকার

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১১:৪৬ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর পাশকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ইউনিট অনুযায়ী সাক্ষাৎকার নেয়া হবে। ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এ ছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কুবির রেজিস্ট্রার ড. মো. আবু তাহের আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 'এ' ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ১১৫ জন পাশ করেছে। পাসের হার ২৪ শতাংশ। 'বি' ইউনিটে পাশ করেছে ৩ হাজার ১১৮ জন। পাশের হার ১৫.৮১ শতাংশ। এদিকে 'সি' ইউনিটে ৯৭৩ জন পাশ করেছে। পাশের হার ১১ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর এই ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন করে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী।

ইউনিট ভিত্তিক ফলাফল ও সাক্ষাৎকারসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এ ভিজিট করে ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ নম্বরে কল করে জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত