ডিএনসিসির নাগরিক সেবা হটলাইন ৩৩৩ চালু

দেড় কোটি মানুষ ২৪ ঘণ্টা পাবেন তথ্য ও সেবা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০২:৪৩ এএম

ডিএনসিসির সেবা হটলাইন ৩৩৩ নম্বরে ফোন দিয়ে দিনে ২৪ ঘণ্টা সপ্তাহে সাত দিন তথ্য ও সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘সব সময় এই এলাকার ৩৬ লাখ ভোটারসহ দেড় কোটি মানুষ পাবে এই সেবা। আগে আমাদের সেবার ধরন ছিল এক রকম কিন্তু এখন সেবার ধরন অন্য রকম।’ গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের ডিএনসিসি নগর ভবনে তথ্য ও নাগরিক সেবা হটলাইন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের ১১টি সিটি করপোরেশনসহ ৩২৯টি পৌরসভায় এই সেবা চালু করা হবে তবে তার শুরুটা হলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্য দিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আজ আমাদের জন্য একটি চ্যালেঞ্জের দিন। আগে কোনো সময় নাগরিকরা আমাদের ফোন করত না। এখন থেকে ফোন করতে পারবে, প্রশ্ন করতে পারবে, সেবা ও হয়রানি নিয়ে অভিযোগ জানাতে পারবে। জনগণের কাছে জবাবদিহির চ্যালেঞ্জ এটা। নাগরিকদেরও আমাদের সেবা দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত