ডিনের পদত্যাগ দাবিতে বাকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৯:৪১ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  তৃতীয় দিনের মতো উপাচার্যের (ভিসি) বাড়ি সংলগ্ন সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ডিন, প্রভোস্ট ও দায়িত্বরত চিকিৎসকের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে কোনো ফলাফল না পাওয়ায় মঙ্গলবার রাতে এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

একই সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়ে হারানি ও ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মালয়েশিয়ার নাগরিক হারানি জানাকি রামান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে সেটি পাওয়া যায়নি। ওই সময় অ্যাম্বুলেন্সটি অন্য রোগীকে নিয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিল। হারানির বন্ধুরা তাকে অটোরিকশায় করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত ২টায় তিনি মারা যান। সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়া এবং বেগম রোকেয়া হলের প্রভোস্ট ও হাউস টিউটরদের অবহেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এরই প্রেক্ষিতে এবং পূর্বঘোষিত কর্মসূচি থেকে গত সোমবার শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের জন্য ভেটেরিনারি অনুষদের ডিনের পদত্যাগ, স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন ও অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানোসহ ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিলেও শিক্ষার্থীদের প্রধান দাবি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমদসহ বেগম রোকেয়া হলের প্রভোস্ট, হাউজ টিউটর ও দায়িত্বরত চিকিৎসকের পদত্যাগের লিখিত আশ্বাস চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজহারুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, দাবি বাস্তবায়নে গত সোমবার রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আন্দোলনকারী শিক্ষার্থীদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে হেলথকেয়ার পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত