মার্কিন-অজি অধ্যাপককে পেতে ৩ তালেবান কমান্ডারকে মুক্তি!

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার অপহৃত দুই অধ্যাপককে ফেরত দেওয়ার শর্তে হাক্কানি নেটওয়ার্কের তিন তালেবান কমান্ডারকে ‘শর্ত সাপেক্ষে’ মুক্তি দিচ্ছে আফগান সরকার।

মঙ্গলবার এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় তোলো নিউজ।

মুক্তি পেতে যাওয়া এই তিন হাক্কানি কমান্ডার হলেন- আনাস হাক্কানি, হাজি মালি খান ও হাফিজ রশিদ।

বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট বলেন, ‘তালেবানের সঙ্গে মুখোমুখি বৈঠকের’ বিষয়টি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের একান্ত সহযোগিতায় এ সমঝোতা হয়েছে।

আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের (এইউএএফ) অধ্যাপক মার্কিন নাগরিক কেভিন কিং (৬৩) এবং অস্ট্রেলিয়ান নাগরিক টিমোথি উইকসকে (৫০) ২০১৬ সালের আগস্টে হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা অপহরণ করে।

আশরাফ ঘানি বলেন, এটা ছিল ‘কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’। আফগান ইউনিভার্সিটির জিম্মি ওই দুই অধ্যাপকের শারীরিক দুরবস্থা এ সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তালেবানের সঙ্গে পরোক্ষ আলোচনায় আমরা তাদের ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছি।

এমন সময় আফগান সরকার ও তালেবানের মধ্যে এই বন্দি বিনিময় হচ্ছে, যখন দেশটির প্রলম্বিত যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে। শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত