কেরালার আলোচিত শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে বৃহস্পতিবার। এই নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে দেশটির শাসকদল বিজেপি।
ভারতীয় গণমাধ্যম জানায়, যদি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ ঋতুমতী নারীদের এই মন্দিরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে, তা হলে বিজেপির অসুবিধা নেই। কিন্তু শীর্ষ আদালতের আগের রায় বহাল রেখে প্রবেশ অবাধ করে দেওয়া হয়, তবে বিজেপি কেরালায় বিপাকে পড়বে।
কারণ হিসেবে বলা হচ্ছে, অযোধ্যায় বাবরি মসজিদ-রামমন্দির নিয়ে রায়ের আগে বিজেপি বলেছিল, শীর্ষ আদালতের রায় যাই হোক না কেন- তা সকলেরই মানা উচিত। এখন শবরীমালা নিয়ে রায় ইচ্ছামাফিক না হলে বিজেপির পক্ষে বিরোধিতা করা মুশকিল।
বিজেপি যদি রায়ের বিরুদ্ধে ফের আন্দোলনে নামে, তবে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়তে হবে। তখন বিরোধীরা প্রশ্ন তুলতেই পারে, রামমন্দিরের ক্ষেত্রে তারা অন্যদের যা বলেছিল, শবরীমালার ক্ষেত্রে নিজেরাই তা করছে না। এই সমালোচনা এড়াতেই শবরীমালা রায় বিজেপির কাছে এত গুরুত্বপূর্ণ।
এর আগে শবরীমালা নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায় যাতে কার্যকর না হয়, সে জন্য কেরালায় আন্দোলনে নেমেছিল বিজেপি। ওই আন্দোলনের জেরে কেরালায় তাদের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে বলেও শোনা যায়।
কয়েকটি ভোট কেন্দ্রে নাকি তারা বেশি ভোট পাচ্ছে। বিজেপি নেতাদের আশা, এই প্রবণতা চলতে থাকলে অদূর ভবিষ্যতে কেরালায় একাধিক আসন জেতার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই কারণে বৃহস্পতিবারের রায়ের ওপর বিজেপির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ভর করছে।
