বিএনপির অস্তিত্ব সংকটের কারণে অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি শক্ত অবস্থানে থাকুক; আমরা চাই বিএনপি শক্তিশালী হোক।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’ স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, একটা দেশে বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা শক্তিশালী দলের সঙ্গে লড়তে গেলে আরেকটি শক্তিশালী দল প্রয়োজন। বর্তমানে বিএনপি নেতাদের যে অবস্থা, তাতে মনে হচ্ছে দলটি একটা সময় অস্তিত্ব সংকটে পড়বে।
বিএনপিতে নেতাকর্মীদের মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, দলের সিদ্ধান্ত হয় এককেন্দ্রিক; তাই নেতাকর্মীরা দল ত্যাগ করছে। ভবিষ্যতে আরও নেতাকর্মী দল ত্যাগ করবে এবং এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরও বলেন, বিএনপি জনগণের পক্ষের রাজনীতি করে না। তারা জঘন্য পথ অবলম্বন করেছে। জনগণের ওপর আক্রমণ, পেট্রলবোমা হামলা এসব করা তাদের কাজ। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, আলাউদ্দিন খাঁ অনেক সুর সৃষ্টি করেছেন। এগুলো সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে হাছান মাহমুদ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এসবের ফলে জঙ্গিবাদ কমছে।
এবাদুল করিম বুলবুল এমপিসহ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
