অযোধ্যা মামলার রায়

প্রতিবাদে চাঁদপুর ও নেত্রকোনায় হেফাজতের বিক্ষোভ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১১:০৪ পিএম

ভারতের ঐতিহাসিক অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর ও নেত্রকোনায় দলটির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা অযোধ্যার বিতর্কিত জায়গায় রামমন্দিরের পরিবর্তে বাবরি মসজিদ নির্মাণে ভারত সরকারের প্রতি দাবি জানান।

চাঁদপুর প্রতিনিধি জানান, নিরাপত্তা বাহিনীর কড়া পাহারার মধ্যে শহরের চিশতিয়া জামে মসজিদের সামনে হেফাজত বিক্ষোভ সমাবেশ করে। জেলা আমির মাওলানা লিয়াকত হোসেনের সভাপতিত্বে এতে সিনিয়র সহসভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আনোয়ারুল করিম, প্রচার সম্পাদক ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় দোয়া ও মোনাজাতে মিলিত হয়।

নেত্রকোনা প্রতিনিধি জানান, হেফাজত নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা বাদ জুমা বারহাট্টা রোডের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। এটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করে।

হেফাজতের জেলা আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা আবু সায়েম খান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘মন্দির-গির্জা ভেঙে মসজিদ নির্মাণের নজির বিশ্বের কোথাও নেই। কিন্তু মসজিদ ভেঙে মন্দির নির্মাণের নজির হতে চলেছে অযোধ্যায়। আমরা এ রায়ের প্রতিবাদ জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত