স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল সম্পাদক বাবু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০৪:৩৭ পিএম

আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবু।

শনিবার অনুষ্ঠিত তৃতীয় জাতীয় কাউন্সিলে তারা সংগঠনটির এ দুই পদে নির্বাচিত হন। 

শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গঠনতন্ত্র অনুসারে তিন বছর পরপর সম্মেলন করার কথা সংগঠনটির।

দলের সাধারণ সম্পাদক শনিবার বিকেলে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। 

এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম। ঢাকা দক্ষিণের সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক হয়েছেন তারেক সাঈদ।

সাত বছর পার করে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দলের ভেতর শুদ্ধি অভিযানের কারণে এবার সম্মেলন পেয়েছে নতুন মাত্রা। বিতর্কিত কাজের অভিযোগে গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কাউন্সিল থেকে দুরে রাখা হয়। 

স্বেচ্ছাসেবক লীগের জন্ম ১৯৯৪ সালে। এরপর আহ্বায়ক কমিটি পার করে দেয় দীর্ঘ নয় বছর। ২০০৩ সালে প্রথম কমিটি হয় সংগঠনের। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন আফম বাহাউদ্দিন নাছিম এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন পঙ্কজ দেবনাথ।

এর নয় বছর পর ২০১২ সালে হয় দ্বিতীয় কমিটি। দ্বিতীয় সম্মেলনে সভাপতি হন মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত