যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের লিন এলাকার ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রী ডেসটিনি ডেভিস ১৫ বছর বয়সেই জড়িয়েছিলেন শারীরিক সম্পর্কে। এতে গর্ভবতী হয়ে পড়েন এই কিশোরী। এখন তিনি দুই বছর বয়সী এক শিশুর মা।
ডেসটিনি জানান, ভুল সম্পর্কে জড়িয়ে অপরিণত বয়সেই তিনি মা হয়েছেন। অসচেতনতার কারণে শারীরিক সম্পর্কের সময় ব্যবহার করেননি কোনো জন্ম নিরোধক সামগ্রীও। এমন পরিস্থিতিতে তাকে ঘর ছাড়তে বাধ্য করেন তার বাবা-মা। এতে তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়।
শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম আইটেম লাইভ ডটকম জানায়, আগের দিন রাতে একটি স্কুল কমিটির বৈঠকে ডেসটিনি তার এই করুণ অভিজ্ঞতার কথা জানান। সেখানে লিন কমিউনিটি হেলথ সেন্টারের প্রস্তাবে এক বৈঠকে মিলিত হয়েছিল ওই স্কুল কমিটির সদস্যরা।
বৈঠকে লিনের সরকারি স্কুলগুলোতে জন্ম নিরোধক সামগ্রী বিতরণের প্রস্তাব দেয় হেলথ সেন্টার এবং স্কুল কমিটি থেকে এর সম্মতি চায়।

স্কুল শিক্ষার্থীদের অপরিকল্পিত গর্ভপাত নিরোধ নিয়ে ছয় মাস ধরে কাজ করে যাচ্ছে জেলাটির কমিউনিটি হেলথ সেন্টার। সেই কাজের অংশ হিসেবে স্কুল কমিটির সঙ্গে বৈঠকে বসে তারা এবং স্কুলগুলোতে বিনামূল্যে কনডম বিতরণের সম্মতি চায়।
লিনের হাইস্কুলগুলোতে ছাত্রীদের গর্ভধারণের আশঙ্কাজনক চিত্র উঠে আসে জুলি চ্যান নামে হেলথ সেন্টারের একজন নার্সের বক্তব্যে।
জুলি চ্যান জানান, গত বছর লিনের সরকারি স্কুলগুলোতে ৫৭ জন কিশোরী শিক্ষার্থীর গর্ভবতী হওয়ার ঘটনা ঘটেছে। যাদের সবার বয়স ১৮ বছরের নিচে। এদের মধ্যে ১৭ জন দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়।
বৃহস্পতিবার ২ ঘণ্টা ধরে আলোচনার পর সিদ্ধান্ত হয় স্কুলের শিক্ষার্থীদের জন্মনিরোধক বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। সেই সঙ্গে জন্ম নিরোধকের জন্য কনডমসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে।
