দেশে পেঁয়াজের মৌসুম চলাকালে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের চিন্তা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘চাষিরা যাতে পেঁয়াজের ন্যায্য মূল্য পান, সে জন্যই এমন চিন্তা করা হচ্ছে।’
রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের চাহিদার ৬০-৭০ শতাংশ পেঁয়াজ উৎপাদন করি। বাকিটা বিদেশ থেকে আমদানি করতে হয়। গত বছর আমাদের দেশে পেঁয়াজ ভালো হয়েছিল। কিন্তু আগাম বৃষ্টির কারণে কৃষকেরা সেই পেঁয়াজ ঘরে তুলতে পারেনি। যার কারণে সংকট হয়েছে। তবুও আমরা বিদেশ থেকে আমদানি করে চাহিদা মেটাতে পারতাম। হঠাৎ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে সেটি আমরা চিন্তাও করিনি। ভারতের পেঁয়াজ না আসার কারণেই এমন পরিস্থিতি হয়েছে। তবে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনার চেষ্টা করছে সরকার।’
নতুন পেঁয়াজ আগামী ১৫ থেকে ২৫ দিনের মধ্যে বাজারে আসবে, তখন পেঁয়াজের দাম কমে আসবে বলে জানান মন্ত্রী।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারার ব্যর্থতা সরকার নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পেঁয়াজ অত্যাবশ্যকীয় খাদ্য নয়। তবে আমরা সব সময়ই পেঁয়াজ খাই। এটি গুরুত্বপূর্ণ খাদ্য। এটি কিন্তু সাময়িক। আমরা ধান, আলু, মাছ, পোলট্রিসহ বিভিন্ন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কৃষি খাতের এই সফলতা তো পেঁয়াজের কারণে ম্লান হবে না।’
অন্য এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার তদারকি করে কোনো পণ্যের দাম খুব একটা নিয়ন্ত্রণ করা যায় না। বাজারে পণ্যের দাম ঠিক হবে চাহিদা ও জোগানের ভিত্তিতে।’
