শেখ হাসিনা সরকারক গণমাধ্যম বান্ধব বলে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘গণমাধ্যম কর্মী আইন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে গণমাধ্যমকে এই সরকার সর্বত্র সহযোগিতা করছে’।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডিওতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্ট ও বিজেসির যৌথ উদ্যোগে ‘ফেক নিউজ ও সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করা হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ফেক নিউজ হয় কারণ সমাজে রয়েছে প্রচুর ফেক সম্পাদক, ফেক সাংবাদিক, ফেক রাজনীতিক। সংবাদমাধ্যমের সাংবাদিক বা সম্পাদক হিসেবে তার দায়িত্ব একটি, বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়া।’
মুরাদ বলেন, সংবাদ শাস্ত্রের ধ্রুপদি চরিত্রের সঙ্গে ‘ফেক নিউজ’ বৈশিষ্ট্যটি সাংঘর্ষিক হয়ে পড়ে। কেননা, নিউজ মাত্রই তা বস্তুনিষ্ঠ হতে বাধ্য। সাংবাদিকদের আদর্শ-নৈতিকতা, সংবাদমাধ্যমের মালিকপক্ষ-সরকার সম্পর্ক ও জনমনে প্রভাবসহ আরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
গুজব প্রতিরোধে সরকারের তথ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল কাজ করছে জানিয়ে,তথ্য প্রতিমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় এই সব গুজব, মিথ্যাচার এবং অসত্য সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ছে।
