ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
দুই ঘণ্টা অপেক্ষা করে তিনি এক কেজি পেঁয়াজ কেনেন। সোমবার বেলা ১২টায় নগরের কিনব্রিজের নিচে পেঁয়াজের লাইনে দাঁড়ান মেয়র আরিফ।
এ সময় মেয়রকে দেখে অনেকটাই অবাক হন সাধারণ ক্রেতারা। মেয়র লাইনে দাঁড়ানোর পর সিসিকের কয়েকজন কাউন্সিলরও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করেন।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে দেশে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আমার নিজেরও ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের জন্য মানুষ অস্থির। আমার ঘরেও নেই পেঁয়াজ। ৪৫ টাকায় টিসিবি পেঁয়াজ বিক্রি করছে খবর পেয়েই এখানে আসি। এখন জনসাধারণের সঙ্গে আমিও পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছি।’
তিনি বলন, এটা আমার প্রতিবাদ। সরকারের উচিত সবার জন্য ৪৫ টাকয় পেঁয়াজ কেনার ব্যবস্থা করা।
সোমবার সকাল থেকে নগরীর রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে ক্বীনব্রিজ মোড়ে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। আদালতের নির্দেশনা অনুসারে র্যাবের অভিযানে আটক ভারত থেকে অবৈধপথে আসা ৭ টন পেঁয়াজ সেখানে বিক্রি করা হয়।
