টটেনহ্যামের নতুন কোচ মরিনহো

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০১:৫৭ পিএম

মাওরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করার পর দিনই নতুন কোচ হিসেবে জোসে মরিনহোকে নিয়োগ দিয়েছে টটেনহ্যাম হটস্পার। চুক্তি অনুযায়ী ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির দায়িত্বে থাকবেন রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ।

টটেনহ্যামে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় ৫৬ বছর বয়সী মরিনহো বলেছেন, “ক্লাবটির দল ও একাডেমির মান আমাকে উজ্জীবিত করেছে। এসব খেলোয়াড়দের সঙ্গে কাজ করার ব্যাপারটাই আমাকে টেনেছে।”

পর্তুগিজ মরিনহোকে কোচ হিসেবে পেয়ে খুশি টটেনহ্যামের সভাপতি ড্যানিয়েল লেভি, “আমরা ফুটবলের অন্যতম সফল দল কোচ জোসেকে পেয়েছি। অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে তার। এসব দিয়ে তিনি দলকে উজ্জীবিত করতে পারবেন। তিনি অসাধারণ এক ট্যাকটিশিয়ান।”

“কোচিং করিয়ে প্রতিটি ক্লাবেই তিনি সম্মান অর্জন করেছেন। আমরা বিশ্বাস করি, ড্রেসিং রুমে তিনি শক্তি ও বিশ্বাস ফেরাবেন।”

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার দায়ে মঙ্গলবার পচেত্তিনোকে বরখাস্ত করে টটেনহ্যাম। ২০১৪ সাল থেকে ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এই আর্জেন্টাইন কোচ। তার অধীনে চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে রানার্সআপ হয়েছিল ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত