কয়েক দিন আগে বলা হয়েছিল, নাক উঁচু স্বভাবের কারণে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েও হারালেন কৃতি খারবান্দা। ওই সিনেমায় আরও আছেন ইমরান হাশমি।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ‘চেহরে’ সিনেমা থেকে কৃতিকে সরিয়ে দেওয়ার কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে অন্য তথ্য।
পরিচালক রুমি জাফরির এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি। মুম্বাইতে পরপর দুদিন শুটিংও করেন। কিন্তু এরপরই বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরানের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ও চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেওয়া হয় তাকে। এখানেই আপত্তি তোলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই নায়িকা।
তার দাবি, চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় খুব একটা জরুরি ছিল না গল্পের জন্য। তাও ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেওয়া হয়। এরপরই বেকে বসেন কৃতি। ফলে ‘চেহরে’ থেকে বের হয়ে আসতে হয়।
কৃতি বলেন, “কেউ যদি সিনেমার জন্য অপ্রত্যাশিত কোনো দৃশ্যে অভিনয় করতে না চান, তাহলে এর জন্য অভিনেত্রীকে কেউ কীভাবে নাক উঁচু স্বভাবের খেতাব দিতে পারেন। ঘনিষ্ঠ দৃশ্য হোক বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে না চাওয়াটা অভিনেতার একদম নিজস্ব বিষয়। তাই এর জন্য কোনো অভিনেত্রীকে নাক উঁচু স্বভাবের বলা যায় না।”
অবশ্য তিন বছর আগে ইমরানের বিপরীতেই ‘রাজ রিবুট’ দিয়ে বলিউডে অভিষেক হয় কৃতির। সেই ছবিতেও ছিল ঘনিষ্ঠ দৃশ্য। অবশ্য এই নিয়ে মুখ খোলেননি তিনি।
বর্তমানে ‘পাগলপন্থি’র প্রমোশনে ব্যস্ত কৃতি। এই সিনেমার শুটিংয়ের সময়ই পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। সম্প্রতি তাকে অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউসফুল ফোর’-এ দেখা গেছে। সিনেমাটি দারুণ ব্যবসাও করেছে।
