ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) নামে প্রায় বিষ লাখ মানুষ রাষ্ট্রহীন হতে যাচ্ছে উল্লেখ করে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) বলেছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে কোনও সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত পদ্ধতি ছাড়াই।
প্রসঙ্গত, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে জাতীয় নাগরিক পঞ্জি আপডেট করার প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায় ১৯ লাখের বেশি মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন।
ইউএসসিআইআরএফ-এর একটি রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, তালিকায় মুসলিম ধর্মাবলম্বীদের টার্গেট করে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এনডিটিভি।
ওই মার্কিন কমিশনের কমিশনার অণুরিমা ভার্গব মঙ্গলবার বলেন, আসামের ২০ লাখের কাছাকাছি মানুষকে রাষ্ট্রহীন হতে হবে। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে কোনো সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত এনআরসি পদ্ধতি ছাড়াই।'
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক যে, ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বারবার জানিয়েছেন কীভাবে এনআরসি পদ্ধতি প্রয়োগ করে তারা মুসলিমদের আসাম থেকে সরিয়ে দিতে চান। এখন সারা ভারত জুড়ে রাজনৈতিক নেতারা এনআরসি করতে চাইছেন। তারা মুসলিমদের জন্য আলাদা নাগরিকত্বের মান তৈরির কথা ভাবছেন।
ইউএসসিআইআরএফ-এর সভাপতি টনি পার্কিন্স বলেছেন, সংশোধিত এনআরসি ও তার পরবর্তী পদক্ষেপের মাধ্যমে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের ধর্মীয় পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। তিনি কেন্দ্রীয় সরকারকে সংবিধান মেনে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুর অধিকার রক্ষার আহ্বান জানান।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে এনআরসিকে মুসলিম নাগরিকদের সঙ্গে বৈষম্য সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে।
