সোমবার প্রকাশ হয়েছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার প্রথম লুক। প্রথম দর্শনেই বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান দর্শকদের মন কেড়ে নিয়েছেন। এই লুক সামনে আসতেই ট্রোলের মুখে পড়তে হলো অক্ষয় কুমারকে। কীভাবে?
বিষয়টি খুলেই বলা যাক। ‘লাল সিং চাড্ডা’ শুনেই বোঝা যাচ্ছে শিখ চরিত্রে অভিনয় করেছেন আমির। এর আগে আইকনিক ‘রং দে বাসন্তী’ সিনেমায় একই ধর্মাবলম্বী চরিত্রে দেখা যায় তাকে। সেই তুলনায় না গিয়ে অক্ষয়ের সঙ্গে মেলাতে গেলেন কেউ কেউ। তাতেই বেঁধেছে গোল!
যেমন; অক্ষয় কুমারের ‘কেশরি’ লুকের সঙ্গে তুলনা করতে শুরু করেন কেউ কেউ। এমনকি আলোচনায় এসেছে ‘সিং ইজ কিং’ সিনেমাটিও। এই নিয়েই সমালোচনা হচ্ছে। একটি মন্তব্য এমন- অক্ষয়ের কাছে অভিনয় হলো পেশা। অন্যদিকে আমিরের কাছে ভালোবাসা।
আবার অক্ষয়ের নকল দাড়ি ও আমিরের আসল দাড়ির তুলনা করেন কেউ কেউ। ‘খিলাড়ি’ তারকা জাতীয়তাবাদকে পুঁজি করে ভক্তদের বোকা বানান। আর চরিত্রের প্রতি সুবিচার করতে আমির দাড়ি রাখেন।
অক্ষয় কুমারের সর্বশেষ সিনেমা ‘হাউজফুল ফোর’ মুক্তি পেয়েছে মাস খানেক আগে। সেখানে কৃতি শ্যানন, ববি দেওল, কৃতি খারবান্দা, রিতেশ দেশমুখ ও পূজা হেগড়ে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। মুক্তির অপেক্ষায় আছে কারিনা কাপুর খানের বিপরীতে ‘গুড নিউজ’। অন্যদিকে ‘লাল সিং চাড্ডা’য়ও আমির খানের সঙ্গে আছেন কারিনা। বর্তমানে এই নায়িকাকে নিয়ে অমৃতসরে শুটিং করছেন আমির।
