প্রতিবন্ধী ছাত্রকে মারধর: চবি ছাত্রলীগকর্মী বহিষ্কার

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১১:১৬ পিএম

এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত মোরশেদুল আলম রিফাতকে এক বছরের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

রিফাত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনি শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ‘বিজয়’ গ্রুপের কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

বুধবার বিকেলে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান।

চবি প্রক্টর বলেন, এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিফাতকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ দিয়েছেন। বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটিতে পরবর্তী সভায় বিষয়টি রিপোর্ট করা হবে।

১৪ নভেম্বর থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ১০ নভেম্বর রাতে গায়ে ধাক্কা লাগায় শুক্কুর আলম নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগ কর্মী রিফাতের বিরুদ্ধে। ভূক্তভোগী শুক্কুর আলম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

এ ঘটনার বিচারের দাবিতে ওইদিন রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে বিক্ষোভ করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরদিন ১১ নভেম্বর বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দেয় প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকু) নামে একটি সংগঠন।

অভিযোগের ভিত্তিতে রিফাতকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে এর জবাব চাওয়া হয়।

সন্তোষজনক জবাব না পেয়ে তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করে বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটিতে পাঠায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত