ডিয়েগো ম্যারাডোনা’র কোচিং ক্যারিয়ারের সর্বশেষ মেয়াদটাও দীর্ঘ হলো না। মাত্র দু’মাস কোচিং করিয়েই জিমনাসিয়ার দায়িত্ব ছেড়ে দিলেন। গত আগস্টে আর্জেন্টিনার শীর্ষ লিগের এই ক্লাবের কোচ হয়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি। এত অল্প সময়ের মধ্যে মত পাল্টে যাওয়ার কারণ হিসেবে দলটির রেলিগেশনে চলে যাওয়া এবং ম্যারাডোনার শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে।
ম্যারাডোনার অধীনে ৮ ম্যাচ খেলেছে জিমনাসিয়া। জয় তিনটিতে, হেরেচে ৫টি। আর্জেন্টিনার ১৯৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ক্লাবটির প্রেসিডেন্ট গ্যাবরিয়েল পেল্লেগ্রিনো। ২০১৬ থেকে ক্লাবের প্রেসিডেন্ট থাকা পেল্লেগ্রিনো এই পদে আসন্ন নির্বাচনে দাঁড়াবেন না। এটা শোনার পরই চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ম্যারাডোনা।
এ নিয়ে গত কয়েক বছরে ষষ্ঠ ক্লাবের চাকরি ছাড়লেন ম্যারাডোনা। সবচেয়ে বেশি ১৪ মাস আরব আমিরাতের আল ওয়াসলের দায়িত্বে ছিলেন তিনি। ৯ মাস ছিলেন মেক্সিকান ক্লাব দোরাদোসের কোচ হিসেবে।
