সর্বশেষ সিনেমা ‘ওয়ার’ প্রসঙ্গে কিছুদিন আগেও বেশ আলোচনায় ছিলেন বাণী কাপুর। এবার হলেন বিতর্কিত।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য আইনি জটিলতার মুখে পড়েছেন বলিউডের এই অভিনেত্রী। দেবতা রামের নাম খচিত যৌন আবেদনময় পোশাক এর কারণ।
এক ফটোশুটে পিচ রঙা বড় গলার টপ পরেছিলেন নায়িকা। সঙ্গে বেইজ রঙের লোয়ার। টপের ওপর লেখা ছিল রাম। সেই লেখা দেখেই আপত্তি তুলেছেন অভিনেত্রীর এক ফ্যান।
তার দাবি, এই সংক্ষিপ্ত ও আবেদনময় পোশাকে ভগবান রামের নাম লেখা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের শামিল।
মুম্বাইয়ের এনএম জোশী মার্গ পুলিশ স্টেশনে রমা সাওয়ান্ত বাণীর নামে অভিযোগ দায়ের করেছেন। নায়িকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আরজি জানান তিনি।
সোশ্যাল মিডিয়ায় কয়েক দিন আগেই বাণী কাপুরের এই পোশাক পরা ছবিটি ভাইরাল হয়েছিল। বিতর্কেরও জন্ম তখনই। বাণী নিজেই পুলিশ স্টেশনে ফোন করে তার বয়ান রেকর্ড করার অনুরোধ করেন। যদিও জনসমক্ষে এখনো কোনো মন্তব্য করেননি নায়িকা।
২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় বলিউডে অভিষেক হয় বাণীর। সামনের বছর মুক্তি পাবে রণবীর কাপুরের বিপরীতে অভিনীত ‘শমসেরা’।
