শাহানুর মামুনের চিত্র প্রদর্শনী ‘জলরঙে মানুষ ও প্রকৃতির গল্প’

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৯:১৯ পিএম

চায়ের দোকানে মানুষের জমায়েত, গ্রামের হাটে মানুষের ব্যস্ততা, ঝুম বৃষ্টিতে হুড তোলা রিকশার ভিড়ে সারি সারি মানুষের মুখ- এমন নানা বিষয় জলরঙে এঁকেছেন শিল্পী শাহানুর মামুন। এই শিল্পীর 'স্টোরিজ’ শিরোনামে জলরঙের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ‘গ্যালারি কায়া’তে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী চন্দ্র শেখর দে। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মোহাম্মদ ইউনুস। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে মোট ৫৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

শিল্পী চন্দ্র শেখর দে বলেন, ‘শাহানুর মামুনের ছবি আঁকার সবচেয়ে বড় দিক হচ্ছে তিনি প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা থেকে বের হয়ে আসতে পেরেছেন। সে গল্প বলে খুব সহজ করে। জটিলতা কিংবা রহস্য সৃষ্টি করে না।’

শিল্পী মোহাম্মদ ইউনুস বলেন, ‘মামুনের ছবিতে যেন ছোট গল্পের আমেজ পাওয়া যায়। ছবিগুলো আমাদের প্রত্যেকের জীবনেরই কোন না কোন গল্পের কথা মনে করিয়ে দেয়। ছুঁয়ে দেয় জীবনের কোন না কোন স্মৃতিকে।’

প্রদর্শনী ঘুরে দেখা যায়, শিল্পী শাহানুর মামুনের ক্যানভাসে উঠে এসেছে সাঙ্গু নদী, টং দোকান, চায়ের দোকান, বৃষ্টিময় দিন, মানুষের জটলা, গ্রামের হাট এবং এই রাজধানীর জীবনযাত্রা। বিশেষ করে পুরোনো ঢাকার গলি, মানুষ এবং সেখানকার জীবনযাত্রা জলরঙে পেয়েছে ভিন্নমাত্রা। মামুনের ছবিতে যেমন উঠে আসে প্রকৃতি ও মানুষের গল্প।

শিল্পী শাহানুর মামুন বলেন, ‘প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক খুব নিবিড়। মানুষ ও প্রকৃতির গল্পে আলোছায়ার খেলা থাকে। সেই আলোছায়ার খেলাও যেন এক নতুন গল্প।’

গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, ‘শাহানুর মামুন এ সময়ে প্রতিভাবান শিল্পী। তার ছবিতে রঙ ও বিষয়ের ঐকতান সৃষ্টি হয়। মানুষের জীবন, প্রকৃতি, আলোছায়া ভিন্ন দ্যোতনা নিয়ে উপস্থিত হয় তার ক্যানভাসে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত